পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য
নিঃসঙ্গতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নিঃসঙ্গতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

আর কি চাও?

আর কি চাও তুমি

উদ্দাম যৌবন নিংড়ে ভালোবাসা দিয়েছি

সমর্পণ করেছি অনাঘ্রাত হৃদয়

উৎসর্গ করেছি শ্রেষ্ঠ সময়

তবু কেন হলে না সদয়?

 

আর কতো টুকু চাও

কতো কি পাওয়া হলে থামবে তুমি

কতো বেপরোয়া চুম্বনে মিটবে অধর তৃষ্ণা

দুর্বিনীত বাসনার রাতে

কতোটা নির্লজ্জ সুখে শীতল হবে ভূমি?

 

রমণ ক্লান্তির পরে

হৃদয়ে কতো টুকু প্রেম ঢেলে দিলে

অতঃপর তুমি প্রেমিকা হবে

আড়ষ্ঠ চিবুকে কতোটুকু স্পর্শ মেখে দিলে

অবশেষে তুমি কবিতা হবে? 


রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৭

টান

তুমি আমায় যাদুর মতো টানো

টেনে কেনো কাছে আনো

আমি যে কালান্তরের চিল

বুকের ভিতর কষ্টের মিছিল

অবুঝ মেয়ে তুমি কি তা জানো


তুমি কি জানো...
             

ভিত‌রে ভিত‌রে গেছি আমি ধ্বসে

কিছুই পাবে না আর হৃদয়ে হৃদয় ঘসে

প‌রিপা‌টি আমি  এখন দুমড়ে মুচড়ে আছি 

জীবন নৌকার হাল ভে‌ঙ্গে‌ছে হা‌রি‌য়ে গে‌ছে কা‌ছি
                 
কেউ জা‌নে না কেউ বো‌ঝে না                         

দুঃখ তাপে এই হৃদয় কতোটা ঝলসানো


তুমি আমায় য‌তোই কা‌ছে টানো

অগোছা‌লো জীবন এখন হ‌্যাঙ্গা‌রে আঁটকা‌নো//




স্নানঘর

 

স্নানের ঘরে জলের শব্দ কে করে গো স্নান

জলের সঙ্গে গড়িয়ে যায় কার যে অভিমান

 

বুকের ভিতর কে পুষে গো দুঃখের হিমাচল

অঙ্গ ধোয়া জলের সঙ্গে মিশায় চোখের জল

 

স্নানের ঘরে জলের শব্দ কে করে গো স্নান

নোনা জলে কে লিখে হায় কষ্টের উপখ্যান?//


বুধবার, ৩০ আগস্ট, ২০১৭

প্রস্থান

তুমি চলে যাবার পরে

চাঁদ আর আসেনি আমার ঘরে

আসেনি ভোরের বাতাস

দেখিনি খোলা আকাশ

বিছানা ভিজেনি বৃষ্টির ছাঁটে

রোদ এসে ঘুমায়নি আর খাটে

 

তুমি যাবার পর

                                                      বন্ধই আছে শূন্য ঘর

                                                      ফুলদানিতে শুকিয়ে গেছে ফুল

                                                      এলোমেলো হয়ে আছে নষ্ট চুল

                                                      কেউ এসে নাড়েনিতো কড়া

                                                      অলক্ষ্যে ঘরে ঢুকে পড়েনিতো ধরা

 

                                                      তোমার প্রস্থান

                                                      আমার মৌন অভিমান

                                                      শুধু হৃদয় ভেঙ্গে হলো খান খান//

সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

আমার দ্বিতীয় প্রেমিকা

আমি নির্ঘুম রাত্রি জাগি
রাত্রির সঙ্গে আমার অনুরাগ
রাত্রি তো আমার সকল দুঃখ জানে
চোখের নীচে জমেছে তাই কালশিটে দাগ
রাত্রির মাঝে পচন পতন রাত্রির ভিতর ক্ষয়
রাত্রির বুকে লুকিয়ে রাখি নীরব পরাজয়
রাত্রি সে আমার গোপন মানস প্রিয়া
রাত্রি আমার কষ্টের বিষাদ সিন্ধু
রাত্রির সঙ্গে আমার পরকীয়া
রাত্রি আমার বন্ধু//

শুক্রবার, ৩০ জুন, ২০১৭

ইচ্ছে করে আবার প্রেমে পড়ি

জীবনের সেই অগোচরের ভুলটায়
আনমনে বেদনারা পৃষ্ঠা উল্টায়
ইচ্ছে করে সেই ভুল আবার করি
আবার তোমার হাত ধরে প্রেমে পড়ি//

বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭

দুঃখ-ব্যথার ত্রাসে, থাকিস আমার পাশে


আমার দুঃখ-ব্যথার ত্রাসে
কষ্ট জমে দূর্বা ঘাসে
কিছু কষ্ট বুকের ভিতর
জমাট বেঁধে হয় পাথর
মেঘ হয়ে কিছু কষ্ট
উড়ে দূর আকাশে

আমার দুঃখ-ব্যথার ত্রাসে
তোকে পেলে পাশে
বুকের ভিতর অবাক চন্দ্র
জোসনা জলে হাসে
মনটা তখন প্রসন্ন হয়
অনাবিল উচ্ছ্বাসে

আমার দুঃখ-ব্যথার ত্রাসে
তুই থাকিস আমার পাশে//

রবিবার, ২০ মার্চ, ২০১৬

আর আমাকে পাবে না তুমি

আর আমাকে পাবে না তুমি
পাবে না খুঁজে কোন শ্রাবণ সন্ধ্যায়
কিংবা বৃষ্টি রাতে একলা বারান্দায়
আমাকে পাবে না তুমি শীত সকালে
অথবা বিষণ্ন দুপুরে মন খারাপের কালে
আমাকে বিনেই চুমুক দিবে চায়ের কাপে
আমার কথা মনে করবে গভীর মনস্তাপে

আমাকে পাবে না আর লোক চক্ষুর আড়ালে
অভিসারে চুপিসারে উষ্ণ হাতটি বাড়ালে
কখনোই পাবে না খুঁজে দৃষ্টির সীমানায়
বুঝবে আমাকে ছাড়া তোমাকে কি মানায়
হারিয়ে যাবো তোমার মনের অজান্তে
স্বপ্ন হয়েও ফিরবো না আর দু‘চোখের প্রান্তে

আমাকে পাবে না আর কখনো পথ হারালে
সমস্যা সঙ্কটে কোমল হাতের নাগালে
চলে যাবো নীরবে সরে যাবো দূরে
কোনও এক অচিনপুরে
কেঁদেও পাবে না আর
করবে শুধু হাহাকার//

শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫

শরতের দু্ষ্টু বাতাস


আমি সারারাত শুধু তোমাকে ভেবেছি
তোমাকেই করেছি পাঠ
অতপর আমাকে ভিজিয়ে দিয়ে গেল
শেষ রাতের বৃষ্টির ছাঁট


নির্ঘুম রাতে জেগে তারাদের সাথে
দিগন্তে দেখেছি ভোরের আভাস
আমাকে গোপনে এসে ছুঁয়ে দিয়েছিল
শরতের দু্ষ্টু বাতাস//

দীর্ঘশ্বাস


ঝুম বৃষ্টির পরে তোমার হঠাৎ চলে যাওয়া
আমার জন্য রেখে গেলে বৃষ্টি ভেজা হিমেল হাওয়া
চোখের তারায় নাই’বা রইলাম
তোমার মনের ভিতর করবো বাস
তোমার জন্য রেখে যাবো এক জনমের দীর্ঘশ্বাস//

বুধবার, ২৬ আগস্ট, ২০১৫

কষ্ট


তুমি যখন কষ্ট পাঠাও মন খারাপের খামে
ভর দুপুরেও বুকের ভিতর নির্জনতা নামে
তোমার কষ্ট রক্ত ঝরায় এই বুকের গভীরে
একা করে দেয় যেন হাজার লোকের ভিড়ে
//

শুক্রবার, ১০ এপ্রিল, ২০১৫

অজানা কোন দুঃখে...


তোমার চোখে জল দেখি
মেঘ দেখি মুখে
নিজের ভিতর পুড়ছো তুমি
অজানা কোন দুঃখে
দুঃখ গুলো আমাকে দাও
লুকিয়ে রাখি বুকে
মিষ্টি আদর মেখে দেই
তোমার চিবুকে//

তুই কি আসবি বৃষ্টি হয়ে...


আমি মেঘকে করেছি জল
কষ্ট পেলে কাঁদবো বলে
ভালোবাসাকে করেছি শিকল
তোকে কাছে পেলে বাঁধবো বলে
তুই কি আসবি বৃষ্টি হয়ে
আমার কষ্ট ধুয়ে দিতে
কিংবা গভীর রাতে মিষ্টি হাতে
একটু ছুঁয়ে দিতে//

শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪

নারী, তুমি যেন ঝিলিক দেয়া তরবারি//


তোমার ভেজা অধরে আমি গুম হয়ে যাই
খুন হয়ে যাই দৃষ্টির ছোবলে
তোমার ভেজা চুলের সৌরভে আমি শিহরিত হই
উদ্দীপ্ত হই প্রেমের গৌরবে
নারী তুমি যেন মধ্যাহ্নের রোদে ঝিলিক দেয়া তরবারি
বলো তোমায় ছাড়া স্বর্গেও কি আমি একলা থাকতে পারি//

শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪

ইচ্ছে করে ভুলের নোঙর ফেলি তার হৃদয়ে



দূর জানালায় একটি শ্যামা মুখ
ইচ্ছে করে রোদ হয়ে তার দৃষ্টি ছুঁয়ে দেই
বৃষ্টি হয়ে ছুঁয়ে দেই তার দীর্ঘ কালো নরম চুল
তার বিষাদ চোখের নীরবতা আমাকে
প্রলুব্ধ করে
ইচ্ছে করে
একটি ভুলের নোঙর ফেলি তার হৃদয়ে//

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪

ভালো বাসতেই হবে


আমাকে তোমার ভালো বাসতেই হবে
নয়তো দীর্ঘশ্বাসের আগুনে পোড়াবো তোমাকে
বেদনার কালো মেঘ ছড়িয়ে দেব তোমার আকাশে
তোমার হৃদয়ের সীমান্তে দিয়ে দিবো কাঁটাতারের বেড়া
তীব্র দৃষ্টি ছোবল হেনে বিধ্বস্ত করে দিবো তোমার তুমিকে
নিশ্চুপ রাতে দুঃস্বপ্ন হয়ে বার বার হানা দিবো তোমার ঘুমে
মধ্যযুগের কোন নগর দস্যু হয়ে লুট করে নিবো সকল স্বস্তি
বৃষ্টি হয়ে তোমার রোদেলা চোখে কিছু অশ্রু রেখে যাবো
আমাকে ভালোবাসতেই হবে নয়তো করতে হবে ঘৃণা
সুবিধাবাদী কোন অবস্থান আমি মেনে নিবো না//

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪

ইচ্ছে কুঁড়ি



কেন মেঘ দেখিতে চায় হৃদয় কেন বৃষ্টি মাখিতে চায় গায়ে
কেন ঝরাপাতার নূপুর কুড়িয়ে বাঁধিতে চায় তোর পায়ে
তুই দহন শেষে বৃষ্টি বেশে আমার কাছে আসিস
বুকের ভিতর পাতা হয়ে সরোবরে ভাসিস
তুই ভাঙ্গিস যদি নীরবতা ভাঙ্গিস যদি অভিমান
তোর সঙ্গে চন্দ্র রাতে জোছনায় করবো স্নান।
কেন রোদ দেখিতে চায় হৃদয় শিশির মাখিতে চায় পায়ে
এই মন উড়িতে চায় তারা হইতে চায় তোর আকাশের গায়ে//

পাথর সময়ের দীর্ঘশ্বাস


আমি তোমারই ছিলাম
কতো শীত-বসন্ত অতীত হলো
কতো বোশেখ এসে তছনছ করে দিল আমাকে
কতো বর্ষা এসে চোখের প্রান্তে রেখে গেল কান্নার জল
কতো শরৎ এসে হাতছানি দিয়ে প্রলুব্ধ করে গেল
প্রিয় প্রেমিকা পাথর সময়ের দীর্ঘশ্বাস বুকে নিয়ে
তবুও শেষ পর্যন্ত আমি তোমারই ছিলাম
অথচ তুমি আমার থাকনি//

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪

আসবো না ফিরে তোমাদের এই দুঃখ নদীর তীরে


একদিন সব কষ্ট সঙ্গে নিয়ে
চলে যাবো সকল কবিতা থামিয়ে
পেছনে পড়ে থাকবে শুধু দীর্ঘশ্বাস
মলিন ধূলোয় পড়ে থাকবে যুগল পদচিহ্ন
অবহেলে পড়ে থাকবে প্রিয় কবিতার খাতা
একদিন হয়তো আমি হঠাৎ করে নিরুদ্দেশ হবো
সঙ্গে করে নিয়ে যাবো আমার সকল অভিমান
অচেনা-অজানা কোন গন্তব্যে পথ হারাবো
থাকবেনা কোন দ্বিধা থাকবে না পিছু টান
একদিন ঠিকই চলে যাবো অচিন দেশে
আসবো না কখনোই আসবো না ফিরে
তোমাদের এই দুঃখ নদীর তীরে//

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪

আমি তখন প্রেমিক ছিলাম


এক চৈত্রের প্রখর খরতাপে তোমার চোখে আমি শ্রাবণ দেখেছিলাম
বোশেখের এক উদাস দুপুরে তোমার দুঠোঁটের সীমান্তে এঁকেছিলাম প্রথম শরৎ
এক শীতের ভোরে তোমার শীতল দেহে কিছু উষ্ণতা মেখে দিয়েছিলাম
তোমার রোদেলা চিবুক ছুঁয়ে কিছু কথা বলেছিলাম এক আনমনা ফাগুনে
বর্ষার এক বৃষ্টি রাতে বেপরোয়া আগ্রাসী হাতে তোমাকে ছুঁয়ে দিয়েছিলাম
তোমার চুলের গন্ধে বিভোর হয়ে কোন এক অগ্রহায়ণে একটি কবিতা লিখেছিলাম
কারণ তখন আমি প্রেমিক ছিলাম//