পৃষ্ঠাসমূহ

জল-জোছনার কাব্য

জল-জোছনার কাব্য
নিসঙ্গতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নিসঙ্গতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪

আমার সীমান্তে কাঁটাতারের বেড়া নেই

আমার মনের সীমান্তে কাঁটাতারের বেড়া নেই
তাই ভালোবাসা অবাধেই অনুপ্রবেশ করে
আমাকে উজ্জীবিত করে আশাবাদী করে
ভালোবাসার স্পর্শ পেয়ে আমি রোদেলা হই
তারপর আমাকে বিপন্ন করে দিয়ে
অন্ধকার করে দিয়ে তছনছ করে দিয়ে
হঠাৎ সে চলে যায় রেখে যায় কিছু নীল বেদনা
দিনশেষে আমি হৃদয়ে একটি তাজা ক্ষত
আর দু’চোখে প্রশ্নবোধক চিহ্ন নিয়ে পড়ে থাকি
নিঃসঙ্গ পরিত্যক্ত দুমড়ানো কাগজের মতোই একা//
 

বুধবার, ৫ মার্চ, ২০১৪

ইচ্ছে করে তোমাকে একটু গোপনে ছুঁয়ে দি

ইচ্ছে করে তোমাকে একটু গোপনে ছুঁয়ে দি
বৃষ্টি হয়ে চোখের কোনের দুঃখ ধুয়ে দি
ইচ্ছে করে রঙ পেন্সিলে তোমার মন রাঙিয়ে দি
সাত সকালে রোদ্দুর হয়ে ঘুম ভাঙিয়ে দি
ইচ্ছে করে তোমার ঠোঁটে মিষ্টি আদর মাখি
তীব্র শীতে চাদর করে গায়ে জড়িয়ে রাখি
ইচ্ছে করে তোমার চোখে আকাশ মেলে দি
সেই আকাশে মেঘ হয়ে যাই দিগন্ত অবধি
ইচ্ছে করে তোমাকে একটু গোপনে ছুঁয়ে দি
বৃষ্টি হয়ে চোখের কোনের দুঃখ ধুয়ে দি//

বুধবার, ৭ আগস্ট, ২০১৩

তোমার মনের তীর কি ছুঁয়েছে আমার ভাবনার নদী



বিকেলের সোনা রোদ তোমার মুখে এসে গিয়েছে থেমে
যেন স্বর্গ থেকে ধরণীতে কোন অপ্সরা এসেছে নেমে
সুখের একটি পায়রা যেন উড়ে গেল ঐ দিগন্ত অবধি
সখি তোমার মনের তীর কি ছুঁয়েছে আমার ভাবনার নদী//

হৃদয় ভরে রেখেছি অভিমানের জলে




এক বর্ষার কান্না চোখে ধরে রেখেছি
হৃদয় ভরে রেখেছি অভিমানের জলে
বুক পকেটে কিছু ভালোবাসাও তুলে রেখেছি
সামনের শরতে তুমি আসবে বলে//

শনিবার, ৩ আগস্ট, ২০১৩

মেয়েটি চলে গেছে তার নূপুর পড়ে আছে



মেয়েটি চলে গেছে তার নূপুর পড়ে আছে
সবুজ ঘাসে লেগে আছে তার শরীরের উত্তাপ
মৌন বাতাসে ছড়িয়ে আছে তার চুলের গন্ধ
তার হাসির জলতরঙ্গ এখনো বুকের ভিতর বাজে
মেয়েটি চলে গেছে রেখে গেছে কিছু পিছু টান
সঙ্গে করে নিয়ে গেছে আমার সকল অভিমান//

শনিবার, ২৭ জুলাই, ২০১৩

তোমার জন্য একটি আকাশ করেছিলাম সৃষ্টি


                                                   তোমার জন্য রোদ্দুর
                                                   তোমার জন্য বৃষ্টি 
তোমার জন্য একটি আকাশ
করেছিলাম সৃষ্টি
তোমার জন্য একটি বিকেল
তোমার জন্য রাত
তোমার জন্য বুকের ভেতর
কষ্টের ধারাপাত
তোমার জন্য একটি নদী
তোমার জন্য কাশফুল
                                                   তুমি আমার এই জনমের
                                                   শ্রেষ্ঠতম ভুল/
                                                                          

হৃদয় ভরে রেখেছি অভিমানের জলে



এক বর্ষার কান্না চোখে ধরে রেখেছি
হৃদয় ভরে রেখেছি অভিমানের জলে
বুকের গভীরে ভালোবাসাও তুলে রেখেছি
সামনের শরতে তুমি আসবে বলে//

শনিবার, ১৩ জুলাই, ২০১৩

দুজন নীরবে বসে থাকি

কথায় কথায় বিকেল ফুরায়
কথায় কথায় হৃদয় জুড়ায়
কথার রঙে স্বপ্ন আঁকি
কথা শেষ হলে দুজনে
নীরবে বসে থাকি//

আমার কষ্ট সকল ধুয়ে যায় শ্রাবণ বৃষ্টির জলে



মেঘের নীচে দাঁড়াই যখন
বৃষ্টি ভেজার ছলে
আমার কষ্ট সকল
ধুয়ে যায় শ্রাবণ বৃষ্টির জলে
চোখের কোণে থাকে জমে
গোপন অভিমান
বুকের ভিতর বাজে শুধু
চৈত্র দিনের গান//

তোমার ঠোঁটে জমে আছে আমার মিষ্টি প্রেমের চিহ্ন


তোমার আমার প্রেক্ষাপট
হয়তো এখন ভিন্ন
তবুও তোমার ঠোঁটে জমে আছে
আমার মিষ্টি প্রেমের চিহ্ন
চিহ্ন টুকু মুছতে চাই যতো
তোমার জন্য ভালোবাসা
উথলে উঠে ততো//


তোমার জন্য শেষ বিকেলে কিছু অভিমান রেখে গেলাম


কোন অভিযোগ নয় তোমার জন্য শেষ বিকেলে কিছু অভিমান রেখে গেলাম
রেখে গেলাম পদ্ম পাতায় জমা শিশির বিন্দুর মতো কিছু নীল বেদনা
কোন এক নিঃসঙ্গ বৃষ্টি রাতে হঠাৎ করে যদি ঘুম ভেঙ্গে যায়
আমার কথা ভেবে যদি চোখের সৈকত উপচে পড়ে
অগোচরে ভিজে যায় বালিশের কোনা
আমাকে তুমি দোষ দিও না//

বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১২

সুখের সঙ্গে আমার কিসের বিরোধ


আমার আকাশে কষ্ট নামের মেঘ
তোমার আকাশে সুখ নামের রোদ
আমার চোখে কান্না নামের বৃষ্টি
তোমার চোখে প্রসন্নতার দৃষ্টি
জানিনা সুখের সঙ্গে আমার কিসের বিরোধ//

রবিবার, ১২ আগস্ট, ২০১২

আমি ছিলাম তোমার এই জনমের শ্রেষ্ঠতম ভুল


শ্রাবণের রাতে যদি চোখে ঘুম না আসে
জানালার পাশে তুমি এসে দাঁড়িও
আমার কথা যদি মনে পড়ে যায়
গ্রিলের ওপাশে তখন দু'হাত বাড়িও
আমি বৃষ্টির জল হয়ে তোমায় ছুঁয়ে দিব
মনে জমাট কষ্ট গুলো সব ধুয়ে দিব
অথবা দমকা বাতাস হয়ে ছুঁয়ে দিব চুল
বুঝবে মেয়ে বুঝবে তখন আমি ছিলাম
তোমার এই জনমের শ্রেষ্ঠতম ভুল//

সোমবার, ৬ আগস্ট, ২০১২

ভালোবাসলে কি ব্যথিত হতে হয়

                                              
ভালোবাসলে কি ব্যথিত হতে হয়
চোখের ভিতর জমে শাওনের জল
ভালোবাসলে কি নি:স্ব হতে হয়
বেদনার বৃষ্টিতে ভিজে করতল

ভালোবাসলে কি মন খারাপ হয়
মনের আকাশে ভাসে অভিমানী মেঘ
ভালোবাসলে কি কাটে নির্ঘুম রাত
বুকের ভিতর জমে দূরন্ত আবেগ//


রবিবার, ৫ আগস্ট, ২০১২

আমার সকল ভালোবাসা শুধু তোমাকেই দিলাম

তুমি আমাকে আজ
বিষাদে আচ্ছন্ন করে দিলে
অসহ্য করে দিলে
তিক্ত করে দিলে
ব্যথিত করে দিলে
অথচ এই তুমিই একদিন
আমায় ভালোবেসেছিলে

তোমার কথার তোড়ে
আজ আমি আহত হলাম
রক্তাক্ত হলাম
দুঃখিত হলাম
আশ্চর্য হলাম
তবুও আমার সকল ভালোবাসা
শুধু তোমাকেই দিলাম//
 

শনিবার, ৪ আগস্ট, ২০১২

তোমাকে দেখার জন্য আমার পিপাসা হয়


তোমাকে ভুলতে চাই
ভুলতে পারি না সহসা
তোমাতে আসক্ত আমি
তুমি একটা নেশা
কি যাদু করেছ আমায়
মন ভাবে শুধু তোমায়
তোমাকে দেখার লাগি

সারাক্ষণ
যেন হয় পিপাসা//

ভালোবাসা মরে গেলে ঘৃণা হয়ে যায়



ভালোবাসা মরে গেলে
ঘৃণা হয়ে যায়
বুকের ভেতর কষ্টের
নদী বয়ে যায়
ভাঙ্গা মন মোমের মত
ক্ষয়ে ক্ষয়ে যায়//

শুক্রবার, ৩ আগস্ট, ২০১২

আজ না হয় ভালোবাসার বদলে কিছু ঘৃণা কুড়িয়ে নিলাম



একসময় আমি তোমার অস্তিত্বের অংশ ছিলাম
সময়ের বৈরীতায় এখন চক্ষুশূল হলাম
কতো মেঘ কতো বৃষ্টি কতো চাঁদ কতো পূর্ণিমা
কতো নিঃসঙ্গ রাত তোমাকে দিলাম
আজ না হয় ভালোবাসার বদলে
কিছু ঘৃণা কুড়িয়ে নিলাম//

চাঁদের সঙ্গে চলুক না হয় আমার অভিসার

হয়তো আমি ভালো নেই
হয়তো আমার মন খারাপ আজ
বুকেতে বিষের বীনা
মুখে তবু মিষ্টি হাসির কারুকাজ


হয়তো আমার পাথর চাপা কান্না
অশ্রু হয়ে ঝরে না
চোখের ভেতর জমাট অভিমান
বৃষ্টি হয়ে পড়ে না

তবু তুমি ভালো থেকো
সুখ-সমুদ্রের ওপার
একলা রাতে চাঁদের সঙ্গে
চলুক না হয় আমার অভিসার//

বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২

মন আকাশে কেন উড়ো হয়ে গাঙ চিল

আবার এসে তুমি কি আমায়
ভালবাসতে পারো
তবে অকারণে স্মৃতির দরজায়
কেন কড়া নাড়ো
কেন কষ্ট নদীর শান্ত জলে
মারো তুমি ঢিল
মন আকাশে কেন উড়ো
হয়ে গাঙ চিল
সকাল বিকাল অযথা কেন
বিরক্ত তুমি করো
দোহাই লাগে তুমি আমার
রাস্তা থেকে সরো//